বিনোদন

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি দর্শক চাহিদার ধারাবাহিকতায় এখন ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারেও। গত শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘দম’-এর প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে আজ রোববার পর্যন্ত। এবার উত্তর আমেরিকার দর্শকদের জন্য ‘দম’। আগামী ১০ এপ্রিল নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস-এ প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু হবে। এরপর এক সপ্তাহ প্রদর্শনীর পর ১৭ এপ্রিল থেকে পুরো যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস-এর রাজ হামিদ ও নওশাবা রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তারা জানান, ঈদে দেশের দর্শক মাতানো এই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও একইভাবে সাড়া ফেলবে বলে তারা আশাবাদী। রাজ হামিদ বলেন, “উত্তর আমেরিকায় বাংলা সিনেমার দর্শকরা আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছেন। ‘দম’ আমাদের ৫৩তম পরিবেশনা-এই যাত্রা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায়।” প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। তার পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় এসেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী-যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!