বিনোদন

নবম দিনে কমল ‘জেলার ২’-এর আয়, বিশ্বব্যাপী সংগ্রহ ৬২৮ কোটি রুপি

সুপারস্টার রজনীকান্ত অভিনীত তামিল অ্যাকশন সিনেমা ‘জেলার ২’ বিশ্বব্যাপী ৬২৮ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। তবে মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটির দৈনিক আয় কমতে শুরু করেছে। গত শুক্রবার প্রেক্ষাগৃহে নবম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১৪.৫০ কোটি রুপি। আগের দিন বৃহস্পতিবার আয় ছিল ১৭.১৫ কোটি রুপি। এতে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটির ব্যবসা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নবম দিন শেষে ‘জেলার ২’-এর ভারতে মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৪৮.৮৫ কোটি রুপি। দেশটির প্রেক্ষাগৃহ থেকে মোট আয় হয়েছে ৪০৮.৫৫ কোটি রুপি। অন্যদিকে, বিদেশের বাজার থেকে ছবিটির মোট আয় ২১৯.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ^ব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৬২৮.০৫ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করার পর দ্বিতীয় সপ্তাহে ছবিটির দৈনিক আয়ে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার আয় কমেছে প্রায় ১৫.৫ শতাংশ।

কোন ভাষায় কত আয়?
শুক্রবার ভারতের বাজারে তামিল সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় করেছে ‘জেলার ২’। এ সংস্করণ থেকে ৪ হাজার ৮৮৫টি প্রদর্শনীতে আয় হয়েছে ৯.৩৫ কোটি রুপি।
তেলুগু সংস্করণ থেকে ১ হাজার ৭৮৭টি প্রদর্শনীতে এসেছে ৩ কোটি রুপি। হিন্দি সংস্করণ থেকে ৩ হাজার ৬২৪টি প্রদর্শনীতে আয় হয়েছে ১.৭৫ কোটি রুপি। অন্যদিকে, কন্নড় সংস্করণ থেকে ১৮৮টি প্রদর্শনীতে এসেছে ৪০ লাখ রুপি।
চার ভাষার প্রদর্শনী মিলিয়ে শুক্রবার প্রতি প্রদর্শনীতে গড়ে আয় হয়েছে ১৩ হাজার ৮৩১ রুপি। বিদেশের বাজার থেকে একই দিনে আরও ৫ কোটি রুপি এসেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১৯.৫০ কোটি রুপি।

প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কত?
শুক্রবার তামিল সংস্করণের প্রেক্ষাগৃহে গড় দর্শক উপস্থিতি ছিল ৩৪.৭৭ শতাংশ। সকালের প্রদর্শনীতে উপস্থিতি ছিল ২১.১৫ শতাংশ। দুপুরের প্রদর্শনীতে তা বেড়ে ২৮.৮৫ শতাংশ হয়। সন্ধ্যার প্রদর্শনীতে উপস্থিতি ছিল ৩৮.৩১ শতাংশ, আর রাতের প্রদর্শনীতে বেড়ে দাঁড়ায় ৫০.৭৭ শতাংশ।
তেলুগু সংস্করণে সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ২৭.৩৫ শতাংশ। সকালের প্রদর্শনীতে উপস্থিতি ছিল ১৭ শতাংশ, দুপুরে ২৬.৫৮ শতাংশ, সন্ধ্যায় ২৬.৪২ শতাংশ এবং রাতে ৩৬.৬৭ শতাংশ।
হিন্দি সংস্করণে সামগ্রিক দর্শক উপস্থিতি ছিল ১৭.০৭ শতাংশ। সকালের প্রদর্শনীতে উপস্থিতি ছিল ৮.৩৩ শতাংশ। দুপুরে ১১ শতাংশ, সন্ধ্যায় ২১.১৭ শতাংশ এবং রাতের প্রদর্শনীতে ২৭.৩৩ শতাংশ দর্শক উপস্থিত ছিলেন।
শুক্রবারের ভাষাভিত্তিক হিসাবে তামিল সংস্করণে দর্শক উপস্থিতি ছিল ৩৪.২ শতাংশ, তেলুগুতে ৩১.৩ শতাংশ, হিন্দিতে ১৪ শতাংশ এবং কন্নড়ে ৩২ শতাংশ। ওই দিন সব ভাষা মিলিয়ে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গেছেন ১০ লাখ ১২ হাজার ৭৮৭ জন দর্শক। মুক্তির পর থেকে মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৬৫৪।

কী নিয়ে ‘জেলার ২’?
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুেয়ল ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে সান পিকচার্স।
সিনেমার গল্পে অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পান্ডিয়ান একটি মূর্তি পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানে নামেন। গোপন অভিযানের অংশ হিসেবে তিনি গাড়িচালকের ছদ্মবেশ নেন। বোধি কালপাকের নেতৃত্বে পরিচালিত পাচারচক্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একপর্যায়ে তাঁর পরিবারও হুমকির মুখে পড়ে।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। আরও রয়েছেন এস জে সূর্য, বিদ্যা বালান, রাম্যা কৃষ্ণন, সূরজ ভেঞ্জারামুডু, যোগী বাবু, মির্না, শিবরাজকুমার, মোহনলাল ও জ্যাকি শ্রফ। বিশেষ অতিথি চরিত্রে দেখা গেছে হৃতিক রোশনকে।
প্রথম সপ্তাহে শক্তিশালী ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহে দৈনিক আয় কমলেও বিশ^ব্যাপী ৬২৮ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে ‘জেলার ২’। এখন ছবিটির চূড়ান্ত আয় কোথায় গিয়ে দাঁড়ায়, সেটিই দেখার বিষয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!