উচ্চমাত্রার অ্যালার্জিতে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

মুন্সিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় কারাবন্দি সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়| কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি উচ্চমাত্রার অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন| গতকাল সোমবার সকালে কারাগারে অসুস্থ বোধ করলে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| সেখানে মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন| প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট পর্যালোচনা করে ব্যবস্থাপত্রে ওষুধ দেওয়া হয়| চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি| প্রাথমিক চিকিৎসা শেষে সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে কারারক্ষীদের পাহারায় তাকে পুনরায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়| মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাশেম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডা. দীপু মনি উচ্চমাত্রার অ্যালার্জিজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন| পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়| চিকিৎসকদের মতামত অনুযায়ী হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে| বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন|




