সারাদেশ

মার্চেই কালবৈশাখীর আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রিতে

চলতি মার্চে দেশে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। গতকাল রোববার মার্চব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ ছাড়া এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। এক থেকে দুদিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে, মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আভাস নেই। নদ-নদীর অবস্থার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে জানানো হয়, মার্চ মাসে দৈনিক গড় বাষ্পীভবন বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকতে পারে, যা ফসলের জন্য বাড়তি সেচের প্রয়োজন সৃষ্টি করতে পারে। কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!