
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জামালপুর জেলা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরদারপাড়াস্থ বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
এ সময় প্রধান অতিথি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে ২১ ফেব্রুয়ারী সকাল ৬টায় দলীয় কার্যালয় থেকে প্রভাতফেরী বের হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন।
এছাড়াও বিকেল ৩টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে। এ সময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তিনি।
প্রস্তুতি সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব। প্রস্তুতি সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




