জাতীয়প্রধান খবর

কূটনীতিকদের সঙ্গে সাইবার সুরক্ষা আইন নিয়ে মতবিনিময় আইনমন্ত্রীর

প্রস্তাবিত আইনের যেসব ধারায় আপত্তি উঠেছে তা খতিয়ে দেখা হবে এবং অংশীজনদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত সুপারিশ জমা দিতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একইসঙ্গে আইনের কোনো বিধানই আন্তর্জাতিক আইন ও সংবিধানের বাইরে গিয়ে করা হচ্ছে না বলেও তিনি স্পষ্ট করেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের সঙ্গে সাইবার সুরক্ষা আইন নিয়ে মতবিনিময়ের পর তিনি একথা জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মতপ্রকাশ ও বাকস্বাধীনতার প্রশ্নে সরকার আন্তর্জাতিক আইনি কাঠামো ও দেশের সংবিধান অনুসরণ করছে। এ প্রসঙ্গে তিনি ‘ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (আইসিসিপিআর)-এর অনুচ্ছেদ ১৯(৩) এবং বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, উভয় ক্ষেত্রেই যুক্তিসংগত বিধিনিষেধ (রিজনেবল রেস্ট্রিকশন) আরোপের বিধান রয়েছে এবং সরকার এর বাইরে কিছুই করছে না, ভবিষ্যতেও করবে না। বৈঠকের আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, খসড়াটি আরও এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন। বৈঠকে অংশগ্রহণকারীরা নাগরিক অধিকার রক্ষায় সরকারের সামগ্রিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং বেশ কিছু ধারায় সমর্থন জানিয়েছেন। তবে তাদের দেওয়া দু-একটি সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেওয়া হয়েছে এবং এর বাইরেও কোনো প্রস্তাব থাকলে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে। কোনো প্রতিষ্ঠান বা কনটেন্ট বন্ধে সরকারের ক্ষমতা ও অপব্যবহারের আশঙ্কা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি ‘জুডিশিয়াল রিভিউ’ বা বিচারিক পর্যালোচনার আওতাধীন রাখা হয়েছে; এটি কোনোভাবেই লাগামহীন রাখা হয়নি। খসড়াটির চূড়ান্ত রূপ এলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে উল্লেখ করে তিনি ওই সাংবাদিককেও আইসিটি মন্ত্রণালয়ে লিখিতভাবে নিজের মতামত ও সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান। নতুন আইনে ধারাগুলোর ব্যাখ্যা ও সংজ্ঞা আরও বিস্তৃত করা হবে কি না,এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আকাশের যত তারা, আইনের তত ধারা। যতই বিস্তৃত করা হোক না কেন, এর ইতিবাচক বা নেতিবাচক দিক থাকবেই। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য ধারাগুলোকে অযথা দীর্ঘ করা নয়, বরং সংজ্ঞাগুলোকে স্পষ্ট করা ও দুর্বোধ্যতা দূর করা। নতুন আইনে কোনো অস্পষ্টতা থাকবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!