পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন মামব্রে

ভারত জাতীয় দলের সাবেক বোলিং কোচ পরশ মামব্রেকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আইপিএলের দল পাঞ্জাব কিংস। ভারতের ক্রিকেটে কোচ হিসেবে বেশ পরিচিত মুখ মামব্রে। এবার আইপিএলের দল পাঞ্জাবের ডাগআউটে দেখা যাবে তাকে। ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন পরশ মামব্রে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতের সাথে কাজ করেছেন তিনি। তাদের সময়ে ২০২৩ ওয়ানডে বিশ^কাপে ঘরের মাঠে ফাইনাল খেলে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ^কাপে জিতেছিল শিরোপাও। গত মাসে বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ ব্র্যাড হাডিনের সাথে যাত্রা শেষ হয়েছে পাঞ্জাব কিংসের। নতুন বোলিং কোচ হিসেবে পরশ মামব্রেকে আনার সাথে সাথে চেন্নাই সুপার কিংসের সাবেক স্টাফ মেম্বার রাজিব কুমারকে ফিল্ডিং কোচের দায়িত্বে আনছে পাঞ্জাব। দলের সাথে প্রধান কোচ হিসেবে থাকছেন রিকি পন্টিং। আইপিএলের আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দুই দফায় কাজ করেছেন পরশ মামব্রে। গত মাসে মুম্বাই ছেড়েছেন তিনি। আইপিএলের সব আসরে খেললেও এখনও পর্যন্ত কখনও শিরোপা জেতা হয়নি পাঞ্জাব কিংসের। দুইবার রানার্সআপ হয়েছে। ২০১৪ সালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২৫ সালের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারে পাঞ্জাব। ২০২৫ সালের আসরে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রিকি পন্টিং, সাথে অধিনায়কত্ব পান শ্রেয়াস আইয়ার। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু পাঞ্জাবের। ২০২৬ সালের আসরেও প্রথম ৭ ম্যাচে ৬ ম্যাচ জিতে দারুণ শুরু করেছিল তারা। যদিও বাকি ৭ ম্যাচের ৬টিতেই হেরে বিদায় নেয় প্লে-অফের আগেই।




