বিশ্বে প্রতি ঘণ্টায় স্বজনের হাতে পাঁচ নারী খুন: জাতিসংঘ

বিশ্বজুড়ে ২০২৫ সালে স্বজনদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু খুন হয়েছেন; যা প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন। নারী ও শিশুদের প্রাণহানির এই পরিসংখ্যান আগের বছরগুলোর মতো প্রায় অপরিবর্তিত রয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে রোমহর্ষক এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ইউএন উইমেন এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) বলেছে, গত কয়েক বছর ধরে প্রায় প্রত্যেক বছরই ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের কোনো সদস্যের হাতে খুন হওয়া নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মাঝে ওঠানামা করেছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের স্বীকার হওয়া ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যের হাতে খুন হয়েছেন। ৪৭ হাজার ভুক্তভোগীর পরিসংখ্যানে দেখা যায়, গত বছর প্রায় প্রত্যেকদিন ১২৯ জন নারী ও কন্যাশিশু খুন হয়েছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সংখ্যা হিসাব করা হয়েছে। ২০২৫ সালে বিশ^জুড়ে হত্যাকাণ্ডের স্বীকার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী। তবে তাদের ৬০ শতাংশই খুন হয়েছেন পারিবারিক কিংবা ব্যক্তিগত পরিমণ্ডলে। এর বিপরীতে, হত্যাকাণ্ডের স্বীকার পুরুষদের মাত্র ১১ শতাংশ এমন পরিস্থিতিতে খুন হয়েছেন। জাতিসংঘ পারিবারিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি বৃহত্তর পারিবারিক কাঠামোর সম্পর্কগুলোর দিকেও নজর দেওয়ার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ওই বছর বিশে^র কোনো অঞ্চলই পুরোপুরি নিরাপদ ছিল না। তবে ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু খুনের সর্বোচ্চ সংখ্যার রেকর্ড আবারও আফ্রিকায় হয়েছে। ওই অঞ্চলে নিহত নারী ও শিশুর সংখ্যা ২২ হাজার ১০০। এরপরই রয়েছে এশিয়া; সেখানে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। এ ছাড়া আমেরিকা অঞ্চলে ৭ হাজার ৪০০ জন, ইউরোপে ২ হাজার ১০০ জন এবং ওশেনিয়ায় ৩০০ জন খুন হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ^ব্যাপী হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার তুলনামূলক ধীরগতিতে কমেছে; বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে। জাতিসংঘ বলছে, এসব অপরাধ সামাজিক রীতিনীতি এবং লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার গভীরে প্রোথিত বলে ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি এসব হত্যাকাণ্ড বিচারব্যবস্থায় প্রবেশাধিকারের প্রতিবন্ধকতাও তুলে ধরেছে।




