এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ, বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান-শ্রীলঙ্কা

২০২৭ এশিয়া কাপের আগে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে বিসিবি। প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া মিললেও এখনো অংশগ্রহণের চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব তুলে ধরে বিসিবি। দুই দেশই প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডের এক কর্মকর্তা।
বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি আমরা। দুই দেশই প্রস্তাবে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’
তবে সিরিজ আয়োজনের বিষয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছে না বিসিবি। দুই দেশের বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা। ওই কর্মকর্তা বলেন, ‘এখনই আমরা এটি ঘোষণা করতে পারছি না। কারণ, বিষয়টি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব এবং দুই দেশই এটি বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে আমাদের সিদ্ধান্ত জানাবে।’
ত্রিদেশীয় সিরিজের সময় নিয়ে অবশ্য কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানি সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বিশ^কাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত সিরিজটি আগামী ওয়ানডে বিশ^কাপের আগে নয়, বরং ২০২৭ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও মহাদেশীয় এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকরা।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারলে বাংলাদেশের প্রস্তুতিতে তা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের পাশাপাশি দলের সমন্বয় ও কৌশল ঠিক করার সুযোগও পাবে বাংলাদেশ।




