এসএসসির ফল জালিয়াতির দায়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল শনিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং প্রোগ্রামার আবদুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। ওসি মোজাম্মেল হক জানান, সিআইডির ঢাকা ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল জানান, ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীর জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ জালিয়াতির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি। প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।




