এবার ভাঁজ করে সাথে নেওয়া যাবে ই-স্কুটার

যাতায়াতের পথে যানজট এড়াতে অনেকেই স্কুটার বা ইলেকট্রিক বাইক ব্যবহার করেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর সেটি কোথায় রাখা হবে, তা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই সমস্যার ভিন্নধর্মী সমাধান নিয়ে এসেছে হোন্ডা। সংস্থাটির তৈরি মটো কম্প্যাক্টো নামের ইলেকট্রিক স্কুটারটি ভাঁজ করে সুটকেসের মতো ছোট আকারে রাখা যায়। ফলে প্রয়োজন শেষে এটি ঘরে, অফিসে কিংবা গাড়ির ডিকিতে রাখা সম্ভব। স্কুটারটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বহনযোগ্য নকশা। সাধারণ স্কুটারের মতো বড় জায়গা দখল করে না এটি। হ্যান্ডেলবার ও সিট ভাঁজ করে নিলে আকার অনেকটাই ছোট হয়ে যায়। ওজন প্রায় ১৯ কে.জি. হওয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও তুলনামূলক সহজ।
পুরোনো মডেলের ভাবনা থেকে নতুন স্কুটার
হোন্ডা মটো কম্প্যাক্টো তৈরি করা হয়েছে সংস্থাটির আশির দশকের জনপ্রিয় মটো কম্প্যাক্টো স্কুটারের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে। তবে নতুন মডেলটি পুরোপুরি বৈদ্যুতিক এবং আধুনিক শহুরে যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি। ২০২৩ সালে হোন্ডা প্রথম এই স্কুটারের বিস্তারিত প্রকাশ করে। এর নকশায় এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ব্যবহার না করার সময় সেটি ভাঁজ করে কম্প্যাক্ট আকারে রাখা যায়।
মটো কম্প্যাক্টোর ওজন প্রায় ১৯ কে.জি.। এটি সর্বোচ্চ ১২০ কে.জি. ওজন বহন করতে পারে। ভাঁজ করা অবস্থায় এর দৈর্ঘ্য ৭৪২ মিলিমিটার, প্রস্থ ৯৪ মিলিমিটার এবং উচ্চতা ৫৩৬ মিলিমিটার। এতে ভাঁজ করা যায় এমন সিট ও হ্যান্ডেলবার রয়েছে। সুটকেসের মতো দেখতে হওয়ায় স্কুটারটি অন্য সাধারণ ইলেকট্রিক স্কুটারের চেয়ে আলাদা।
স্কুটারটিতে রয়েছে পার্মানেন্ট ম্যাগনেট ডিরেক্ট-ড্রাইভ মোটর। এর ক্ষমতা ৪৯০ ওয়াট এবং টর্ক ১৬ নিউটন-মিটার। এতে দেওয়া হয়েছে ০.৭ কিলোওয়াট-ঘণ্টার ব্যাটারি প্যাক। একবার সম্পূর্ণ চার্জ দিলে প্রায় ১৯ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এটি। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার।
ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। ফলে স্বল্প দূরত্বে যাতায়াত, বিশেষ করে বাস, ট্রেন বা গাড়ি থেকে নেমে গন্তব্যের শেষ অংশটুকু পাড়ি দেওয়ার কাজে এটি ব্যবহার করা যেতে পারে।
হোন্ডা মটো কম্প্যাক্টোর দাম যুক্তরাষ্ট্রের বাজারে ৯৯৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় সরাসরি হিসাব করলে এর দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি। তবে কর, আমদানি খরচ ও অন্যান্য চার্জ যুক্ত হলে বাংলাদেশে সম্ভাব্য দাম আরও বেশি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, স্কুটারটি আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে। ভারতের কয়েকটি শহরে এটি বাজারজাত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে ভারতে কবে এটি বিক্রি শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।
হোন্ডা মটো কম্প্যাক্টো শহরের স্বল্প দূরত্বের যাতায়াতে নতুন ধরনের সুবিধা দিতে পারে। বিশেষ করে যারা ট্রেন বা গাড়িতে যাতায়াতের পাশাপাশি শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য ছোট কোনো যান চান, তাদের কাছে এটি আকর্ষণীয় হতে পারে। তবে মাত্র ২০ কিলোমিটারের মতো রেঞ্জের কারণে দীর্ঘ পথ চলার জন্য এটি উপযুক্ত নয়।




