জিটিএ ৬-এর দাপটে ১০ কোটি পিএস ফাইভ ছাড়লো সনি

গেমারদের কাছে জিটিএ-সিক্স যেন এক অন্যরকম অপেক্ষার নাম। নতুন এই গেমটি ঘিরে আগ্রহ এতটাই বেশি যে, মুক্তির আগেই এর প্রি-অর্ডারে তৈরি হয়েছে বড় রেকর্ড। আর সেই উন্মাদনার প্রভাব পড়ছে গেমিং কনসোলের বাজারেও। জিটিএ-সিক্সের মুক্তিকে সামনে রেখে বিশ^জুড়ে ১০ কোটি পিএস ফাইভ সরবরাহের মাইলফলক ছুঁয়েছে সনি। গত বৃহস্পতিবার রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) বিশ^ব্যাপী মুক্তি পেয়েছে। প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে খেলা যাচ্ছে গেমটি। পুরোনো প্লেস্টেশন ৪-এ এটি খেলা যাবে না। ফলে সনির কনসোলে জিটিএ ৬ খেলতে আগ্রহী পিএস৪ ব্যবহারকারীদের নতুন করে পিএস৫ কিনতে হবে। সনির সর্বশেষ ব্যবসায়িক প্রতিবেদন অনুযায়ী, গত ১০ নভেম্বর পিএস৫ সরবরাহের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ২০২০ সালের নভেম্বরে বাজারে আসার পর শুরুতে চিপের ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার নানা সমস্যায় পড়তে হয়েছিল কনসোলটিকে। সেই বাধা পেরিয়ে এই মাইলফলকে পৌঁছানোকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিএস৫ সরবরাহের সংখ্যা ছিল ৯ কোটি ৭৯ লাখ। অর্থাৎ, প্রায় ৪০ দিনের ব্যবধানে ২১ লাখের বেশি কনসোল সরবরাহ করেছে সনি। তবে এখানে সরবরাহের সংখ্যা বলতে খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো কনসোলের হিসাব বোঝানো হয়েছে, সরাসরি ক্রেতাদের কাছে বিক্রির সংখ্যা নয়। সনির চতুর্থ হোম কনসোল হিসেবে ১০ কোটি সরবরাহের মাইলফলক ছুঁল পিএস৫। এ অর্জনে কনসোলটির সময় লেগেছে প্রায় ছয় বছর। এর আগে প্লেস্টেশন ৪ (পিএস৪) পাঁচ বছর সাত মাসে এই মাইলফলকে পৌঁছেছিল। এখন পর্যন্ত সনির সবচেয়ে বেশি সরবরাহ করা কনসোল প্লেস্টেশন ২। এর সংখ্যা ১৬ কোটির বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিএস৪-এর সরবরাহ ১১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। আর প্রথম প্লেস্টেশনের সরবরাহের সংখ্যা ১০ কোটি ২৪ লাখ। সনি জানিয়েছে, প্লেস্টেশন স্টোরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া গেম এখন জিটিএ ৬। প্রতিষ্ঠানটির আশা, গেমটির প্রতি আগ্রহের কারণে আসন্ন ছুটির মৌসুমে অনেকেই পিএস৫ কেনার সিদ্ধান্ত নেবেন।




