আইটি

গাড়ি ছেড়ে হিউম্যানয়েড রোবট তৈরিতে ঝুঁকছে টেসলা

দীর্ঘ এক দশকের বেশি সময়ের যাত্রা শেষে টেসলার জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি মডেল এস ও মডেল এক্সের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মানবসদৃশ রোবট উৎপাদনে পূর্ণ মনোযোগ দিতে আগামী প্রান্তিক থেকেই এই দুই মডেলের উৎপাদন কার্যত বন্ধ করা হবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টেসলার ২০২৫ অর্থবছরের আয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কনফারেন্স কলে ইলন মাস্ক বলেন, ‘আমরা মূলত মডেল এস ও এক্সের উৎপাদন বন্ধ করতে যাচ্ছি। সম্মানের সঙ্গে এই কর্মসূচির ইতি টানার সময় এসেছে, কারণ আমরা এখন স্বচালিত প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।’ তিনি জানান, স্টকে থাকা গাড়ি শেষ হওয়া পর্যন্ত ক্রেতারা মডেল এস ও এক্স কিনতে পারবেন এবং এসব গাড়ির জন্য দীর্ঘমেয়াদি সাপোর্ট দেওয়া হবে। তবে একবার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে আর এই মডেল দুটি পুনরায় চালু করা হবে না। টেসলা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট কারখানায় মডেল এস ও এক্সের উৎপাদন লাইন রূপান্তর করে সেখানে ‘অপটিমাস’ নামের মানবসদৃশ রোবট তৈরি করা হবে। ইলন মাস্কের ভাষ্য অনুযায়ী, ওই কারখানায় বছরে ১০ লাখ অপটিমাস হিউমেনয়েড রোবট উৎপাদনের সক্ষমতা গড়ে তোলাই টেসলার দীর্ঘমেয়াদি লক্ষ্য। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ^ অর্থনৈতিক ফোরামে মাস্ক ঘোষণা দেন, ২০২৬ সালের শেষ নাগাদ অপটিমাস রোবট বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি দাবি করেছিলেন, অপটিমাস ভবিষ্যতে মোবাইল ফোনের চেয়েও বড় পণ্য হয়ে উঠতে পারে। তবে বিভিন্ন প্রদর্শনীতে রোবটটির পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তা নিয়ে সমালোচনাও রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!