প্রধান খবরসারাদেশ

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে এবার ৮ প্লাটুন আনসার মোতায়েন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে গত সোমবার জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন ক্যাম্প চত্বরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি। তিনি বলেন, নাশকতা, জনদুর্ভোগ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত ১৫ নভেম্বরের সহিংসতার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় সদর থানা-পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক আবু সুফিয়ান, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!