যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও কাটেনি যাত্রীদের ভোগান্তি

যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে দেশটির সব ফ্লাইট চলাচল। তবে এই বিঘ্নের প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণ সচিব শণ ডাফি। গতকাল শনিবার সকালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, সব ফ্লাইটের চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে। এই ঘটনায় যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের কী কী অধিকার রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে (জিএমটি) যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এই প্রথম দেশটিতে এত দীর্ঘ সময় ধরে সব ফ্লাইট চলাচল বন্ধ ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, টেলিযোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এর পেছনে কোনো সাইবার হামলা ছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি। তারা এই সমস্যার জন্য পুরনো প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। পুরো ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না আনা হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।




