জাতীয়প্রধান খবর

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৮৩ হাজার জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজের কোটা আরও ৫,০০০ বৃদ্ধি করেন। এর ফলে ২০২৭ সালের জন্য মোট কোটা দাঁড়ালো ৮৩ হাজার ৫০০ জনে। উল্লেখ্য, বিগত বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!