নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৭৯ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৭৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে নেওয়া শিক্ষার্থীরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। আক্রান্তদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ১৬ জনকে প্রয়োজনীয় চিকিৎসা ও মূল্যায়ন শেষে বহির্বিভাগের (আউটডোর) মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে। চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।




