রাজনীতি

ফের এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, মামলার বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দেওয়া হলে বাদীপক্ষের কোনো আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর এ মামলায় গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পান। তবে গাজী নজরুলের জামিন আবেদন সেদিনও নামঞ্জুর করেন আদালত। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলার অপর আসামি ওবায়দুর রহমানকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!