সারাদেশ

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় বোন ও দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজা পালানোর ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ও তার এক বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং রাজার বোন তাসলিমা। গতকাল মঙ্গলবারদুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে গতকাল মঙ্গলবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দিকে যাচ্ছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে ওয়াশরুমে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছিলেন। তবে তদন্তে ওই বক্তব্যের সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়নি বলে জানান পুলিশ কমিশনার। তার ভাষ্য, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অর্থের বিনিময়ে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। তবে কত টাকার বিনিময়ে তারা এ কাজ করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!