সারাদেশ

মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১৮ দিন এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় উপজেলায় ৪৭ হাজার ৫০০টি ছাগল ও ১৫ হাজার ২০০টি ভেড়াকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক। এসময় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মন্জুরুল ইসলাম, মোজাম্মেল হকসহ সাংবাদিক, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত ছাগল ও ভেড়ার মৃত্যুহার ৫০ থেকে ৯০ শতাংশ। দেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ ছাগল ও ভেড়া পালন করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পশু পিপিআরে আক্রান্ত হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। তবে নিয়মিত ও সঠিক নিয়মে টিকা প্রয়োগের মাধ্যমে এ রোগ থেকে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খামারি ও প্রান্তিক পশুপালকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!