সারাদেশ
মাদারগঞ্জে সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে হযরত আলী সজীব নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানীকুঞ্জ-বলদভরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব(২৪) ওই এলাকার নজরুল ইসলাম ভুট্টুর ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে সজীবের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার এক মামা নিহত হন। ওই দুর্ঘটনায় সজীবও মাথায় আঘাত পান। এরপর থেকেই তিনি শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন।
পরে সজীব বিয়ে করেন। তবে কিছুদিন পর তার স্ত্রী চলে যান। এরপর বেকারত্ব, আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি হতাশায় ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।
বুধবার দুপুরে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সজীব। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার পর সজীবের মাথায় সমস্যা দেখা দেয়। এরপর তিনি কোনো কাজ করতেন না। এ কারণে তিনি আর্থিক সংকটেও ছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




