যারা সারের কৃত্রিম সংকট তৈরি করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে সারের কোন সংকট নেই, যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে, কিন্তু আমি জানি যারা বর্তমানে সারের ডিলার রয়েছে, তারা ভিন্ন মতের অন্য একটি রাজনৈতিক দলের লোক, তারপরও আমরা তাদের সাথে বসেছি। রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত ৬ কোটি টাকা বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রনালয়ে চিঠি দেয় হয়েছে এবং সেটি আগামী বছরের মধ্যেই পাওয়া যাবে।
জামালপুরের জেলা প্রশাসক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ.ই সুলতান মাহমুদ বাবু প্রমুখ।




