জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পারভেজ হাসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ হাসান(১৬) আইরমারী নতুনপাড়া গ্রামের জামাত আলীর ছেলে। সে চলতি বছরে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলো।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার চেক করতে যায়। ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার চেক করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন পারভেজ। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




