সারাদেশ
মাদারগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে এসে স্বজনদের বাঁধার মুখে পুলিশ

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে এসে স্বজনদের বাঁধার মুখে পড়ে পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার রাতে অভিযুক্ত স্বপনকে আসামি করে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানার অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত স্বপন(২৫) হবিগঞ্জ জেলার সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মোহাম্মদ নাছেরের ছেলে। সে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় তার মামা আলমাস ও সাইদুরের বাড়িতে বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য, স্বপনের মানসিক সমস্যা রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটিকে খোঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানের ঝোপের ভেতরে শিশুটিকে দেখতে পান তার মা। এ সময় তিনি স্বপনকে শিশুটির ওপর যৌন নির্যাতন চালাতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে স্বপনকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় অভিযুক্তের স্বজনরা বাঁধা দেয়। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযুক্ত স্বপনকে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিধুলী ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুবুর রহমান রকি বলেন, দুপুরে বাড়ির পাশে একা পেয়ে শিশুটির ওপর এই অমানবিক নির্যাতন চালানো হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। স্বপনের মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শুধু স্বপনকেই আসামি করা হয়েছে।




