বিনোদন

বিশ্বের সাথে দেশেও পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

অনেক কারণেই ছবিটি বিশেষ। প্রথমত এটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। অস্কারজয়ী এ নির্মাতার ছবি নিয়ে বিশ^জোড়া দর্শকের আলাদা আগ্রহ থাকে। তারওপর ছবিটি নির্মিত হয়েছে গ্রিক মহাকাব্য থেকে। আবার এ ছবিতে আছেন হলিউডের একঝাঁক তারকা। এখানেই শেষ নয়, ‘দ্য ওডিসি’ হলো সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত পৃথিবীর প্রথম ছবি। এত এত বিশেষত্ব জড়ানো ছবিটি দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকও। তাদের জন্যই সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিশে^র সঙ্গে তাল মিলিয়ে একই দিনে আগামী শুক্রবার তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’। এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ গতকাল সোমবার এক বার্তায় বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন। এরপরই বিশ^ চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ^ মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’। নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ^াসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।” মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি। স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!