সারাদেশ

মাদারগঞ্জে পিকআপের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত, প্রতিবাদে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা মাদারগঞ্জ–জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আহত দুই শিক্ষার্থী হলেন ভেলামারি এলাকার মৃত জলিলের ছেলে শাওন এবং রইচ উদ্দিনের ছেলে জিহাদ। তারা ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শাওন ও জিহাদ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় তারা বিক্ষোভ করে ঘাতক পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার, বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ এবং যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ভেলামারি এলাকায় সড়কের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মসজিদ রয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু এখানে কোনো স্পিড ব্রেকার নেই। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা সড়ক অবরোধ করেছি।
ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী বলেন, সকালে দুই শিক্ষার্থী বিদ্যালয়ে আসার সময় বিদ্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ জরুরি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বুধবার সকালে ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন। বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নির্মাণ করা হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে। আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!