অর্থনীতি

টানা পঞ্চম দিনে শেয়ারবাজারে সূচকে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পঞ্চম দিনের মতো অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে গতকাল সোমবার এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি ঢাকার এই শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনও কমেছে। পুঁজিবাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর। অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক দশমিক ৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫ পয়েন্টে নেমেছে। এদিকে গতকাল ডিএসইতে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে গত রোববার লেনদেনের পরিমাণ ছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর। এদিন মোট ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৪ কোটি ৯৪ লাখ টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!