বিনোদন

ফের প্রাণনাশের হুমকি পেলেন রোহিত শেঠি

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠিকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই পরিচালকের মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, যেখানে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে। এবার সরাসরি রোহিত শেঠির কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। হুমকিদাতার হুঁশিয়ারি, এই টাকা না দিলে নির্মাতাকে নিজের প্রাণ হারাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার রোহিত শেঠির মুম্বাইয়ের অফিসে একটি কল আসে। অপর প্রান্ত থেকে অজ্ঞাত ওই ব্যক্তি ২০ কোটি টাকা দাবি করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, সময়মতো টাকা না পেলে রোহিত শেঠির জীবন বিপন্ন হবে। বিষয়টি বুঝতে পেরে একমুহূর্তও সময় নষ্ট করেনি নির্মাতার টিম। তাৎক্ষণিকভাবে তারা মুম্বাই পুলিশের কাছে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশও অভিযোগটি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যেই পুলিশ এই ঘটনার নিবিড় তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ফোন করেছে, তা শনাক্ত করতে নম্বর ট্র্যাক করার কাজ চলছে। পাশাপাশি পুরনো কল রেকর্ডের আওয়াজ ও অপরাধের ধরন মিলিয়ে দেখার চেষ্টাও চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর পেছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত কেউ এই হুমকির দায় স্বীকার করেনি। ঘটনাটির বিস্তারিত তদন্ত চললেও কারা এর সঙ্গে সরাসরি জড়িত, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এটি লরেন্স বিষ্ণোই গ্যাংয়েরই কাজ। কারণ এর আগে একাধিক হাই-প্রোফাইল মুক্তিপণ আদায়ের ঘটনায় এই চক্রটির নাম জড়িয়েছে। রোহিত শেঠির ক্ষেত্রেও এমন ভয়ংকর ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছিল দুই অজ্ঞাত দুর্বৃত্ত। সেই ঘটনার তদন্তেও বিষ্ণোই গ্যাংয়ের সম্পৃক্ততা পেয়েছিল পুলিশ এবং ওই মামলায় সেসময় ১৫ জনকে গ্রেপ্তারও করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!