বছরে দুই থেকে তিন কোটি বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমনে উদ্যোগ নেয়া হচ্ছে: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
এ বছর হজ্বের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমিয়েছি, আগামীতে ২০-২৫ হাজার টাকা কমানো সম্ভব

নিজস্ব প্রতিবেদক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি যাত্রী হয়রানি এবং লাগেজ কাটা বন্ধ হয়েছে জানিয়ে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল উদ্বোধন করা হচ্ছে, ইতিমধ্যেই ১৪টি বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে এবং আরো কিছু বিমান আসবে। বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল যে মর্যাদা সেটা এতোদিন ছিলোনা, এখন সেটা উন্নীত হবে এবং বাংলাদেশ বিমানকে ইন্টারন্যাশনাল হাব হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, বাংলাদেশের পর্যটনকে এমনভাবে তুলে ধরতে চাই, যাতে করে প্রতি বছর দুই থেকে তিন কোটি বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণ করতে পারে, সেই উদ্যোগ গ্রহণ করছি। শনিবার বিকালে জামালপুরে নতুন কুড়ি স্পোটর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী আরো বলেন, বিগত ২০ বছরের মধ্যে বাংলাদেশের হজ্ব যাত্রীরা এতো ভালোভাবে হজ্বে যেতে পারে নাই, আমরা এ বছর ১২ হাজার টাকা বিমান ভাড়া কমিয়ে দিয়েছি, আগামীদিনে এটা অন্তত ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হবে। তিনি বলেন, হাজিরা তাদের সর্বস্ব দিয়ে হজ¦ করতে যান, নিজেদের পরিশুদ্ধ করার জন্য আল্লাহ এর দরবারে, তাই আগামীতে হজ্ব আরো সহজ করতে সৌদি সরকারের সাথে কথা হয়েছে, হাজিদের যে মুসুক কার্ড, আইডি কার্ড যেগুলো সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগতো, এখন আর সেগুলো করতে হবেনা, কারন বাংলাদেশ থেকেই আমরা সেইসব কার্ড করে দিচ্ছি এবং তাদের ভিসা, ইমিগ্রেশন সেগুলোও বাংলাদেশ থেকেই করে দিচ্ছি, যাতে করে ইমিগ্রেশনে একমুহুুর্তও তাদের অপেক্ষা করতে না হয়। হাজিরা বিমান থেকে নেমেই তাদের গন্তব্যস্থলে গিয়ে হজ¦ পালন করতে পারবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক সারাদেশব্যাপী নতুন কুড়ি স্পোটর্সের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এ সময় আরো বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ। পরে জামালপুরে নতুন কুড়ি স্পোটর্সের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।




