আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বন্দরগুলোর ওপর দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এমন খবর সামনে আসার পরই বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গত মঙ্গলবার রাতে জানায়, ট্রাম্প ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল বন্ধ করে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ খবরে আবারও চড়তে শুরু করে তেলের বাজার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৮ ডলারে উঠেছে। আর জুলাই মাসের সরবরাহের জন্য দাম বেড়ে হয়েছে ১০৪.৩৩ ডলার। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ১০০.৫০ ডলারে উঠেছে। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এ তেলের দাম বেড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। দেশটির অটো ক্লাব এএএ’র তথ্য অনুযায়ী, দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখান থেকে তা ধীরে ধীরে আবার ১১৯ ডলারের কাছাকাছি চলে যাচ্ছে; যা যুদ্ধ শুরুর সময়কার দামের কাছাকাছি। সূত্র: আল-জাজিরা

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!