জাতীয়প্রধান খবর

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সরকার বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে স্বাস্থ্যখাতে। গরিব মানুষও ব্যয়বহুল চিকিৎসা সেবা স্বল্পমুল্যে বা ফ্রিতে পাবেন। গতকাল শুক্রবার সকালে লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় সরকার চলতি বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন। তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও জনগণমুখী করা হবে। এসময় লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং ডা. এবিএম মোবাশ্বের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!