স্পেনে বন্যায় ২ নারীর মৃত্যু, আহত ২ শিশু

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শনিবার উত্তর-পশ্চিম স্পেনের গ্রামীণ এলাকায় দুই বয়স্ক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কাস্তিল ও লেওন অঞ্চলের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনাস্থল ছোট্ট গ্রাম মানজানেদো দে ভালদুয়েজা। সেখানে ‘প্রায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তারা জানায়, দুই শিশুকে শরীরে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া ৮০-এর কোঠায় বয়সী এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে তাকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যদের পাঠানো হয়। উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চারপাশে পাহাড় ও বনভূমি ঘেরা এলাকায় ঘটনাস্থলটি অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, পাথর ও কাদার ধূসর স্রোত গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। এতে একটি গাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়। কাছের শহর পনফেরাদার মেয়র মার্কো মোরালা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ে তীব্র ঝড়ের কারণে পাথর, কাদা ও পলির বড় স্রোত নেমে আসে।’ এতে দুই নারীর মৃত্যু হয়। মোরালা আরও বলেন, পাশের বুজাস গ্রামেও এই দুর্যোগে সম্পদের ক্ষতি হয়েছে। সরকারি ছুটির দিনে বন্যাটি আঘাত হানে। স্পেন গত কয়েক সপ্তাহ ধরে এর বিপরীত ধরণের চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও দাবানল দেখা দিয়েছে। মানজানেদো দে ভালদুয়েজা যে লেওন প্রদেশে অবস্থিত, ২০২৫ সালে সেখানে স্পেনের ভয়াবহতম দাবানলগুলোর কয়েকটি সংগঠিত হয়েছিল। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটিতে রেকর্ড পরিমাণ বনভূমি পুড়ে যায়।




