সারাদেশ
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি (৬১) নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল হাই বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদিআরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিমও ছিলেন। মদিনায় অবস্থানকালে সোমবার (২৭ এপ্রিল) বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার ফজর নামাজের পর মদিনায় মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বাকিউল গারকাদ (জান্নাতুল বাকি) কবরস্থানে দাফন করা হয়।
মৃতের ছোট ভাই আব্দুল হাকিম বলেন, হঠাৎ করেই আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ফজর নামাজের পর মসজিদে নববিতে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।




