আইটি

সন্তান হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপে যুক্ত হলেই জানতে পারবেন বাবা-মা

সন্তানের হাতে স্মার্টফোন থাকলে অনলাইন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক অভিভাবক। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা অজানা গ্রুপে যুক্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এবার সেই উদ্বেগ কমাতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আনার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে সন্তান কোন গ্রুপে যোগ দিচ্ছে, তার প্রাইভেসি সেটিংস কী থাকছে, এমনকি কোন চ্যানেল অনুসরণ করছে, সেসব বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন অভিভাবকরা।

অচেনা গ্রুপে যোগ দিলেই আসবে সতর্কবার্তা
হোয়াটসঅ্যাপের পরিকল্পিত এই ফিচারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে যোগ দেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা। সন্তান নতুন কোনো গ্রুপে যুক্ত হলে তাদের ফোনে নোটিফিকেশন পৌঁছাবে। ফলে অপরিচিত বা সন্দেহজনক কোনো গ্রুপে সন্তান যোগ দিলে বিষয়টি দ্রুত জানতে পারবেন তারা।এমনকি সন্তান আগে থেকেই কোনো গ্রুপের সদস্য হলে এবং সেখানে হঠাৎ করে অনেক নতুন সদস্য যুক্ত হতে শুরু করলেও সতর্কবার্তা পাওয়ার সুবিধা থাকতে পারে। এর মাধ্যমে অনাকাক্সিক্ষত অনলাইন যোগাযোগ সম্পর্কে আগেভাগে সচেতন হওয়ার সুযোগ তৈরি হবে।

প্রাইভেসি সেটিংসেও থাকবে অভিভাবকদের নিয়ন্ত্রণ
শুধু গ্রুপে যোগ দেওয়ার বিষয়টি নয়, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও থাকবে এই ফিচারে। সন্তানের প্রোফাইল ছবি ও স্ট্যাটাস কারা দেখতে পারবেন, কিংবা কে তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। এসব সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে অভিভাবকের নির্ধারিত পিনের প্রয়োজন হতে পারে। ফলে সন্তান নিজের ইচ্ছেমতো নিরাপত্তাসংক্রান্ত কিছু সেটিংস পরিবর্তন করতে পারবে না। তবে এই নিয়ন্ত্রণ কীভাবে কাজ করবে, তা নির্ভর করবে ফিচারটির চূড়ান্ত ব্যবস্থার ওপর।

হোয়াটসঅ্যাপ চ্যানেলস ও মেটা এআই-তেও নিয়ন্ত্রণ
নতুন ব্যবস্থায় হোয়াটসঅ্যাপ চ্যানেলস ও মেটা এআই ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সন্তান কোন কোন চ্যানেল অনুসরণ করতে পারবে, সে বিষয়ে সীমা নির্ধারণের সুযোগ থাকবে অভিভাবকদের। পাশাপাশি ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে মেটা এআই-এর জন্য ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নেওয়ার সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের বয়সের উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা।

ব্যক্তিগত মেসেজ পড়তে পারবেন না বাবা-মা
অভিভাবকদের নিয়ন্ত্রণের পরিধি বাড়লেও সন্তানের ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বজায় রাখার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে বাবা-মা সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়তে কিংবা ফোনকল শুনতে পারবেন না। ব্যক্তিগত চ্যাটে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর থাকবে। অর্থাৎ সন্তানের অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার সুযোগ তৈরি হলেও ব্যক্তিগত কথোপকথনে সরাসরি প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

নজরদারি নয়, নিরাপদ ডিজিটাল পরিবেশ
বর্তমানে শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা অভিভাবকদের জন্য বড় চ্যালেঞ্জ। অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ, অনুপযুক্ত কনটেন্ট কিংবা সন্দেহজনক গ্রুপের ঝুঁকি এড়াতে প্রযুক্তিগত সুরক্ষার প্রয়োজন রয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল সেই প্রয়োজন পূরণের একটি উদ্যোগ। তবে প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি সন্তানদের সঙ্গে অনলাইন নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা করাও জরুরি। কারণ, নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে শুধু বিধিনিষেধ নয়, সচেতনতা ও পারস্পরিক বিশ^াসও গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!