শুরু হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কানস ফিল্ম ফেস্টিভ্যাল। এর ৭৯তম আয়োজন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। ফ্রান্সের উপকূলীয় কান শহরে আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই শুরু হয় বহুল প্রতীক্ষিত রেড কার্পেট আয়োজন। সেখানে অংশ নেয় বিশে^র নামকরা নির্মাতা, অভিনেতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান-উক। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ ‘পাম দ’অর’ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের আসগর ফারহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে-এদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং জাপানের রিউসুকে হামাগুচিসহ একাধিক খ্যাতিমান নির্মাতা। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি পরিচালিত রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে বিশ^ চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।




