বিনোদন

বক্স অফিসে হোঁচট খেলো আলিয়ার ‘আলফা’

যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে একের পর এক বড় ধাক্কা খাচ্ছে। আলিয়া ভাট এবং শর্বারী ওয়াঘ অভিনীত এই ছবিটির ভাগ্য যেন প্রতিদিন খারাপের দিকে যাচ্ছে। মুক্তির প্রথম উইকএন্ডে বেশ ভালো সাড়া জাগালেও, প্রথম সপ্তাহের শেষে এসে ভারতের বক্স অফিসে রীতিমতো ধুঁকছে সিনেমাটি। বিশাল বাজেটের এই ছবি প্রথম সপ্তাহে ভারতের অভ্যন্তরীণ বাজারে ৫০ কোটি রুপির গণ্ডিও পার করতে পারেনি, যা এর নির্মাণ স্কেলের তুলনায় অত্যন্ত হতাশাজনক। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান এই স্পাই ছবিটি প্রথম উইকএন্ডে ভারতে ৩৪ কোটি রুপি আয় করে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল। তবে উইকএন্ড শেষ হতেই এর আয়ে বড়সড় ধস নামে। উইকএন্ডের তুলনায় গত সোমবার ছবিটির আয় প্রায় ৭০ শতাংশ কমে গিয়ে মাত্র ৩.৮৫ কোটি রুপিতে ঠেকে। যদিও গত মঙ্গলবার সামান্য ঘুরে দাঁড়িয়েছিল, তবে গত বুধ ও গত বৃহস্পতিবার বক্স অফিসে এর পারফরম্যান্স একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে গত বৃহস্পতিবার ‘আলফা’ ভারতের বাজারে মাত্র ২.৬০ কোটি রুপি নেট সংগ্রহ করতে পেরেছে। ফলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৭.৫৫ কোটি রুপি। অথচ মুক্তির শুরুতে ধারণা করা হয়েছিল আলিয়া ভাটের আগের সফল দুই সিনেমা ‘রাজি’ এবং ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’-র রেকর্ড ভেঙে দেবে এটি। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সেই সিনেমাগুলোর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ‘আলফা’। ছবিটির জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সদ্য মুক্তি পাওয়া কমেডি ঘরানার সিনেমা ‘ধামাল ৪’। এই নতুন ছবিটির দাপটে সিনেমা হলগুলোতে ‘আলফা’-র শো সংখ্যা অনেকটাই কমে যাবে, যার ফলে বক্স অফিসে ছবিটির ঘুরে দাঁড়ানোর সুযোগ আরও সংকুচিত হয়ে আসছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি বক্স অফিসে নূন্যতম লাভের মুখ দেখতে হলে ভারতের বাজারে অন্তত ১০০ কোটি রুপি এবং বিশ^ব্যাপী ১৫০ কোটি রুপি গ্রস কালেকশন করতে হবে। তবে কমে যাওয়া শো এবং নেতিবাচক রিভিউয়ের কারণে ছবিটির জন্য এই লক্ষ্য ছোঁয়া বেশ কঠিন বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। উদয় চোপড়ার গল্পে এবং শিব রাওয়ালের পরিচালনায় এই সিনেমাটিতে আলিয়া ও শর্বারী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও অনিল কাপুর। এছাড়াও দর্শকদের বাড়তি চমক হিসেবে রয়েছে ঋত্বিক রোশনের ক্যামিও চরিত্র। তবে জমকালো কাস্টিং সত্ত্বেও সমালোচকদের কাছ থেকে মূলত নেতিবাচক প্রতিক্রিয়াই জুটেছে সিনেমাটির কপালে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!