শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই

শাপলা চত্বরকেন্দ্রিক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম আগামী সোমবার, ২৭ জুলাই শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী সোমবার মামলাটির বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল। এছাড়া একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও এ মামলার আসামি। প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। ওই সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সম্পৃক্ততা ছিল। একই ঘটনায় একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আগামীকাল সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।




