অর্থনীতি

রেকর্ড রেমিট্যান্সের ধারা অব্যাহত রয়েছে চলতি মাসেও

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব নতুন করে বলার অপেক্ষা রাখে না।দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইছে। গেল মাসে (মার্চ) দেশের ইতিহাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সেই ধারা চলতি মাসেও (এপ্রিল) ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এপ্রিলের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গত তিন দিনে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৬৪ কোটি ৬০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিল মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১০২ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি মাসের প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছে দুই হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময় পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ২ হাজার ২৮১ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ। বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়ে দেশের অর্থনীতি। রীতিমতো ঝলক দেখাচ্ছে প্রবাসী আয়। রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিভিন্ন কৌশলগত নীতিমালা ও কঠোর তদারকির ফলে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বৈধ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!