রুপির পতন ঠেকাতে সোনায় শুল্ক বাড়াল ভারত

টানা পতনের মুখে থাকা রুপির মান ধরে রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুরক্ষা নিশ্চিতে সোনা ও রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ায় দেশটির সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে ভারতীয় রুপির মান ক্রমাগত কমছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। এমন পরিস্থিতিতে রুপির মানের পতন ঠেকাতে ও রিজার্ভ বাড়াতে সোনা এবং রুপার আমদানি শুল্ক বাড়িয়েছে নয়াদিল্লি। সোনা আমদানির মূল্য ডলারে পরিশোধ করতে হয়। যে কারণে যত বেশি সোনা আমদানি হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ততই খরচ হয় অথবা ডলার কিনতে গিয়ে রুপির ওপর চাপ তৈরি হয়। ইরান যুদ্ধের প্রভাবে গত এক বছর ধরে ডলারের বিপরীতে রুপির মান ধারাবাহিকভাবে কমছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক দিন আগেই দেশবাসীকে অন্তত এক বছরের জন্য সোনা কেনা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।




