জাতীয়প্রধান খবর

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ ও জরুরি বন্ধু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং জরুরি বন্ধু ও মিত্র। সোমবার বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের এই এলাকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বিভিন্ন ধর্মের মানুষের আবাস এলাকা হিসেবে একইসঙ্গে বসবাস করছি। আমাদের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি দীর্ঘদিন ধরে আমরা চর্চা করছি এবং বহন করছি, যা আজকের এই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা জানি, আমাদের দেশ তুলনামূলকভাবে একটি অর্থনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে, মার্কিন সরকারের তুলনায়। আমাদের এই অর্থনৈতিক সংগ্রামকে একটি সমৃদ্ধিশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেই কারণে আমাদের দেশের সব বাসিন্দাদের মধ্যে একটি সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। ফলে এটা কেবলমাত্র সুখ-শান্তির ব্যাপার নয়, এটা দেশের অর্থনীতির সমৃদ্ধিরও বিষয়। আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি করতে না পারি, তাহলে আমাদের নাগরিকদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারব না। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা যে পণ্য উৎপাদন করে, সেটা আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এর মধ্যে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমাদের দেশের অনেক অভিবাসীও মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে রেমিট্যান্স দেশে পাঠান। ফলে গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। একইসঙ্গে আমাদের দেশে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই), সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। ফলে এই বিনিয়োগের টাকাও আমাদের দেশের অর্থনীতির প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ এবং জরুরি বন্ধু ও মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘণ্টাব্যাপী চলা সংলাপে চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি। সংলাপ শেষে দুপুরে তথ্যমন্ত্রীর গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত সস্ত্রীক গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সংলাপ শেষে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্যমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। রাষ্ট্রদূতের গৌরনদী সফরে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!