মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে ‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বিক্রি ৩ লাখ ডলার ছাড়াল

মুক্তির আগেই যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। ছবিটির প্রিমিয়ার শোর অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯০০ মার্কিন ডলার। বিক্রি হয়েছে প্রায় ১৬ হাজার ১২টি টিকিট। বিশ^ব্যাপী মুক্তির প্রায় তিন সপ্তাহ বাকি থাকতেই এই অগ্রিম বিক্রির হিসাব সামনে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যনির্ভর ছবিটির উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম দিকের এই সাড়া ছবিটির মুক্তির সপ্তাহে বক্স অফিসে ভালো ব্যবসার সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বাণিজ্য বিশ্লেষকেরা।
প্রতিবেদনে ফিল্মস ডিসকোর্সের প্রাথমিক হিসাবের বরাত দিয়ে বলা হয়েছে, অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে ছবিটির প্রিমিয়ার শোর টিকিট বিক্রির পরিমাণ দেড় লাখ ডলার ছাড়িয়েছিল। পরে সেই অঙ্ক দ্বিগুণের বেশি হয়ে ৩ লাখ ডলারের সীমা অতিক্রম করে। তবে এগুলো অগ্রিম টিকিট বিক্রির হিসাব, ছবিটির মুক্তির পরের আয় নয়।
যুক্তরাষ্ট্রে ছবিটির প্রাথমিক টিকিট বিক্রিতে প্রিমিয়াম প্রদর্শনব্যবস্থার ভূমিকা থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইম্যাক্স ও ত্রিমাত্রিক প্রযুক্তিতে প্রদর্শনের টিকিটের পাশাপাশি গড়ে প্রায় ২০ ডলার দামের টিকিট বিক্রিও আয়ের অঙ্ক বাড়াতে সহায়তা করতে পারে। তবে ফ্যানডাঙ্গোর মতো টিকিট বিক্রির ওয়েবসাইটে ৭ ডলারের ছাড় দেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
ছবিটির নতুন ট্রেলার ও প্রচারমূলক ভিডিও প্রকাশের পর অগ্রিম টিকিট বিক্রিতে গতি এসেছে। প্রকাশিত দৃশ্যগুলোতে রাবণ ও ইন্দ্রের মধ্যকার সংঘাত, রাম ও রাক্ষস বাহিনীর যুদ্ধসহ বড় পরিসরের বিভিন্ন যুদ্ধদৃশ্যের ঝলক দেখানো হয়েছে। মহাকাব্যনির্ভর কাহিনি ও যুদ্ধের দৃশ্য দর্শকদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
মুক্তির আগের সপ্তাহান্তে আরও বেশি প্রদর্শনীর ব্যবস্থা করা হলে অগ্রিম টিকিট বিক্রি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত ছবিটি কত আয় করবে, তা নির্ভর করবে মুক্তির আগে ও পরে দর্শকদের সাড়া এবং প্রেক্ষাগৃহে উপস্থিতির ওপর।
যুক্তরাষ্ট্রের পর ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরবর্তী বড় ধাপ ভারত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) দশেরা উৎসবের সঙ্গে মিল রেখে ভারতে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
ভারতের বাজারে অগ্রিম বুকিং শুরু হলে ছবিটির সম্ভাব্য ব্যবসা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। যুক্তরাষ্ট্রে প্রাথমিক সাফল্যের পর এখন নজর থাকবে ভারতীয় দর্শকদের সাড়া এবং মুক্তির আগে টিকিট বিক্রির গতির দিকে।
উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড নিয়ে আলোচনায় এসেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটিও। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত গুপ্তচরবৃত্তিনির্ভর এই ছবিটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তির আগে উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহান্তের অগ্রিম টিকিট বিক্রিতে ৪০ লাখ ডলার ছাড়িয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ সেই অঙ্ক ছাড়াতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর হাতে থাকা সময়টুকুতে আয় আরও বাড়ার সুযোগ রয়েছে। তবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর রেকর্ডের সঙ্গে তুলনা করতে হলে একই সময়সীমা ও একই ধরনের বিক্রির হিসাব বিবেচনায় নেওয়া জরুরি।
রণবীর কাপুর, যশ ও সাই পল্লবীর এই ছবিকে ঘিরে আন্তর্জাতিক বাজারে যে আগ্রহ তৈরি হয়েছে, তার পরবর্তী পরীক্ষা হবে ভারতের অগ্রিম বুকিং এবং মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া।




