সারাদেশ
মাদারগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

খাদেমুল ইসলাম আবিদ, নিজস্ব প্রতিবেদক:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার প্রমুখ।
মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী উপস্থাপন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী চিন্তা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।




