বাংলাটুডে২৪ ডটকমে সংবাদ প্রকাশের পর সহায়তা পেল হতদরিদ্র জেলে মান্না
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের হতদরিদ্র জেলে মান্না দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ঘরে চার শিশু সন্তান ও অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।
গত ৪ মে বাংলাটুডে ডটকমসহ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের। পরে তার নির্দেশনায় উপজেলা প্রশাসন মান্নার পাশে দাঁড়ায়।
বৃহস্পতিবার বিকালর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মান্নার হাতে দুই বান টিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাবেক মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসাসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




