প্রধান খবরসারাদেশ

ভোটে ঘরমুখো মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়

ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিক ও ভোটে ঘরমুখো মানুষরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় সড়ক অবরোধ করেন যাত্রীরা। সকাল ১০টার দিকে তারা সড়ক থেকে সরে যান। অবরোধকারীরা জানান, নির্বাচনের আগে গত সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। সে কারণে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা অফিস শেষ করে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি জানান তারা। মুখলেস নামে এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি গ্রামের বাড়ি জামালপুরে যাবো। কিন্তু যেখানে ৩শ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, সরকার যেন এদিকে নজর দেয়। পোশাকশ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো। আগে ৫শ টাকা ভাড়া ছিল কিন্তু – এক হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাকশ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফেরা বাধাগ্রস্ত হতে পারে বলে জানান তিনি। সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী অবস্থান করছেন। এতে যাত্রীর চাপ বেশি, তারা সড়কে অবস্থান নিয়েছেন। তবে অবরোধের বিষয়টি জানা নেই।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!