বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে

ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)। বার্সেলোনার কাছ থেকে স্পেনের এই ফরোয়ার্ডকে নিতে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাবটি। বার্সেলোনা সেই প্রস্তাব গ্রহণ করার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে গোল ডট কম। ফেরান তোরেসের নিজের অবস্থানও দলবদলটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্পেনের হয়ে বিশ^কাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা এই ফরোয়ার্ড এরই মধ্যে পিএসজির সঙ্গে নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছিলেন। ফরাসি ক্লাবটি তাকে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার প্রস্তুতিও নিয়েছিল। তোরেসের বার্সেলোনা চুক্তির মেয়াদও দলবদলের ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়ায়। স্প্যানিশ ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার খুব বেশি সময় বাকি না থাকায় তার জন্য ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে পিএসজির কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। বার্সেলোনার জন্য এটি একদিকে গুরুত্বপূর্ণ এক ফরোয়ার্ডকে হারানোর ঘটনা, অন্যদিকে দলবদলের বাজারে পুনর্বিনিয়োগের জন্য উল্লেখযোগ্য অর্থ পাওয়ার সুযোগ। আর পিএসজির পরিকল্পনায় তোরেসের বহুমুখী খেলার দক্ষতা তাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করার সুযোগ দেবে। তোরেসের পিএসজিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গতকাল রোববার। স্পেনের বিশ^কাপজয়ী দলের অন্যতম আলোচিত খেলোয়াড়কে এবার দেখা যাবে ফরাসি ক্লাবটির জার্সিতে।




