সারাদেশ

বজ্রপাতে বাবার মৃত্যু, ছিটকে পড়ে বাঁচল কোলে থাকা সন্তান

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে খাদ্য সামগ্রী কিনতে যাচ্ছিলেন সুমন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বজ্রপাতে সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশু সাফিয়া প্রাণে বেঁচে গেছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার পর শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুতে পরিবারের শোকের মাঝে শিশুটির বেঁচে যাওয়াকে অলৌকিক মনে করছেন স্থানীয়রা। মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!