বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের প্রচারণা শুরু

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে লড়তে গত রোববার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তারা। আর তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার থেকে এই দুই আসনে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা; যা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সাংবিধানিক সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানান, শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। অপরদিকে, বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। এ দুই আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ ইতোমধ্যে শেষ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। গতকাল সোমবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার, আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত যা চলবে। উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।




