সারাদেশ

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের বকশীগঞ্জে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি দামে বিক্রির দায়ে মো: জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা এই জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ তিনানীপাড়া পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!