জাতীয়প্রধান খবরসারাদেশ

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর বড় একটি প্রকল্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে কেউ অনিয়ম বা চাঁদাবাজি করবেন না। কেউ চাঁদাবাজি করলে ডাবল মামলা দেওয়া হবে।
গতকাল রোববার বিকেল ৩টায় নেত্রকোনার কলমাকান্দার উপজেলা হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে তালিকা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘যার ঘর নেই, ছাপড়া ঘরে থাকেন-তাদের দিয়ে আগে শুরু করবেন। তথ্য সংগ্রহকারীরা যার ঘর আছে, বসার সুযোগ আছে, তার বাড়িতে গিয়ে চা-নাস্তা খেয়ে তার নাম আগে লিখেছেন। দয়া করে আপনারা কেউ স্বজনপ্রীতি করবেন না। এটা করলে চৌদ্দ শিকের ভেতরে ঢ়ুকাবো। যদি কোনো অনিয়ম করেন, তারা কেউ রেহাই পাবেন না।’ ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজির বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘কেউ চাঁদাবাজি করলে দয়া করে দল থেকে চলে যান। কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং ফ্যামিলি কার্ড নিয়ে, কৃষক কার্ড নিয়ে কেউ চাঁদাবাজি করবেন না। কেউ চাঁদাবাজি করলে ডাবল মামলা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, কেউ অনিয়ম করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা তাকে সরাসরি জানাতে হবে। এ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, যুগ যুগ ধরে তিনি দেখে আসছেন, তাদের মধ্যে অপরাধের প্রবণতা খুব কম। তাই তাদের জন্য কাজ করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পানীয় জল, পথঘাট ও পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট রয়েছে। তাদের জন্য তিনি কাজ করার চেষ্টা করছেন। তাদের তালিকা তৈরিতে যেন কোনো অনিয়ম না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, বজ্রপাতে নিহতদের পরিবারসহ শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!