বিনোদন

প্রকাশ পেলো ‘প্রিন্স’ সিনেমার নতুন পোস্টার

মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক এসেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিক কাউন্টডাউন। প্রকাশিত নতুন পোস্টারটিতে এক মায়াবী ও রহস্যময় পরিবেশ ফুটে উঠেছে। এক ধোঁয়াচ্ছন্ন আবহে নায়ক ও নায়িকাকে একে অপরের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে নব্বই দশকের আদলে একটি ক্লাসিক প্রাইভেট কার, যার হেডলাইটের আলো এক নাটকীয় পরিবেশ তৈরি করেছে; যেখানে ফুটে উঠেছে রহস্য! পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে ‘সিক্সটিন ডেজ টু গো’ অর্থাৎ ‘১৬ দিন বাকি’ লিখে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সময় গণনা শুরু করা হয়েছে। পাশাপাশি খুব শিগগিরই সিনেমার টিজার আসারও ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শাকিব খানকে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গিয়েছিল। অগোছালো চুল এবং ঘন দাড়ি-গোঁফের এক ভিন্ন অবতারে তাকে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে পরিস্থিতির চাপে কীভাবে তিনি দুর্র্ধষ গ্যাংস্টারে পরিণত হন, সেই রূপান্তরের রোমাঞ্চকর গল্পই উঠে আসবে এই সিনেমায়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। কারিগরি দিকেও বড় চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!